গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১৬ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (৭ জুন) থেকে খুলছে দেশের সব স্কুল ও কলেজ। দীর্ঘ বিরতির পর আবারও মুখরিত হবে শ্রেণিকক্ষ, ফিরবে লাখো শিক্ষার্থী।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে গত ২৪ মে থেকে ছুটি শুরু হয়েছিল। ক্যালেন্ডার অনুযায়ী সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গত বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত ছুটি নির্ধারিত ছিল। এরপরের দুদিন ৫ ও ৬ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামীকাল রোববার (৭ জুন) থেকে পুরোদমে পাঠদান শুরু হবে।

স্কুল-কলেজ খুললেও দেশের মাদ্রাসাগুলো (আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তর) আরও এক সপ্তাহ বেশি ছুটি পাচ্ছে। মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী: ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ১৪ জুন (রোববার) থেকে মাদরাসাগুলোতে নিয়মিত পাঠদান ও কার্যক্রম শুরু হবে।

স্কুল, কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানগুলো মোট ১৬ দিনের অবকাশ যাপন শেষে ৭ জুন খুলছে। অন্যদিকে, মাদ্রাসাগুলোতে ছুটি এক সপ্তাহ বেশি হওয়ায় সেগুলো খুলবে ১৪ জুন।