রাজধানীর উত্তরখান থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলার কুখ্যাত আসামি মোঃ আলামিনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৫ জুন) উত্তরখান থানাধীন মুন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলামিন মুন্ডা এলাকার মোহাম্মদ আলী ও রাজিয়া খাতুনের ছেলে। তার বিরুদ্ধে উত্তরখান ও উত্তরা পূর্ব থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, আলামিনের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পেনাল কোডের বিভিন্ন ধারায় একাধিক মামলা ও চার্জশিট রয়েছে। সর্বশেষ গত ২ জুন রাতে উত্তরখান থানায় তার বিরুদ্ধে মারামারি, গুরুতর জখম ও হত্যাচেষ্টা সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-২, জি আর নং-৭৬, ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/১১৪/৩৪ পেনাল কোড)। ওই মামলার প্রেক্ষিতেই উত্তরখান থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনে।
এলাকার শীর্ষ এই সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়লে মুন্ডা এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে আসে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই সাহসী ও সফল অভিযানকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং প্রশাসনকে ধন্যবাদ জানান।
উত্তরখান থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
রাজধানীর উত্তরখান থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলার কুখ্যাত সন্ত্রাসী আলামিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় স্বস্তি।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!