বাংলাদেশে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে কোথাও শিক্ষার্থীদের জড়ো হতে দেখলেই ভয় পান বলে মন্তব্য করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সম্প্রতি ভারতে তীব্র ছাত্র আন্দোলন দেখে এমন মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তসলিমা বলেন, যন্তর মন্তরে ‘তেলাপোকাদের’ সমবেত হতে দেখে আমার বাংলাদেশের জুলাই ২০২৪ আন্দোলনের কথা মনে পড়ে যায়। ছাত্ররা ‘কোটা না মেধা? মেধা, মেধা’—এই স্লোগান দিয়ে শুরু করেছিল এবং শেষ পর্যন্ত সরকারের পতন দাবি করেছিল। এরপর যা ঘটেছিল, তার মূল্য এখন পুরো বাংলাদেশকেই দিতে হচ্ছে।
বিতর্কিত এই লেখিকার দাবি, নৃশংসতা, সাম্প্রদায়িকতা, ধর্মীয় উগ্রবাদ, নারীবিদ্বেষ, সন্ত্রাসবাদ এবং নৈরাজ্য দেশকে ধ্বংস করে দিচ্ছে।
তিনি বলেন, জুলাই আন্দোলনের পর থেকে, আমি যেখানেই ছাত্রদের সমবেত হতে দেখি, আমার মধ্যে এক ধরনের আশঙ্কা কাজ করে। আমি এখন আর সহজে এই ধরনের সমাবেশকে বিশ্বাস করতে পারি না। ২০২৪-এর জুলাই আমাকে শিখিয়েছে, সব ছাত্র আন্দোলন গণতন্ত্রের পক্ষে দাঁড়ায় না, সব সরকারবিরোধী আন্দোলন স্বাধীনতার দিকে নিয়ে যায় না, এবং সব বিপ্লবই সত্যিকারের বিপ্লব নয়। কিছু বিপ্লব পুরোনো শাসনব্যবস্থাকে উৎখাত করে কেবল আরও ভয়ংকর এক অন্ধকারের দরজা খুলে দেয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!