দেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছে জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে ব্যাংক খাতের সার্বিক চিত্র তুলে ধরে পরবর্তী বৈঠকে স্পষ্ট তথ্য-উপাত্ত ও বাস্তবায়ন রূপরেখা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপি।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে ব্যাংক খাতের বর্তমান চিত্র নিয়ে একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হলেও তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা। তারা জানান, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ব্যাংকিং খাতে পুরোপুরি স্বচ্ছতা ফিরিয়ে আনা জরুরি। তথ্যের গভীরতা ও স্পষ্টতার ঘাটতি থাকায় আগামী বৈঠকে পূর্ণাঙ্গ রূপরেখা ও সুনির্দিষ্ট তথ্য পেশ করতে বলা হয়েছে।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি এমপিসহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।