ভারতের নৌবাহিনীর এক সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে (হানিট্র্যাপ) ফেলে নৌবাহিনীর স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের এক নারী গোয়েন্দা। এ ঘটনায় অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ওই নৌসেনাকে আটক করেছে।
গতকাল শনিবার তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত নৌ প্রশিক্ষণ কেন্দ্র 'আইএনএস অগ্রণী' থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক হওয়া সেনার নাম প্রদীপ মুখার্জি (৩১)। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। সর্বশেষ তিনি বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ডে নাবিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পাকিস্তানি গোয়েন্দা প্রদীপের সঙ্গে যোগাযোগ করে প্রেমের অভিনয় শুরু করেন। পরবর্তীতে তার মাধ্যমে বিশাখাপত্তনম নৌঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও নৌবহর চলাচলের স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেন।
প্রদীপের কাছ থেকে কী পরিমাণ তথ্য পাচার হয়েছে এবং বিনিময়ে কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত চলছে।