কেবল প্রাতিষ্ঠানিক সনদ বা ডিগ্রি দিয়ে কর্মক্ষেত্রে সাফল্য অর্জন সম্ভব নয় জানিয়ে তরুণদের বাস্তবমুখী, প্রযুক্তিগত ও ভাষাগত দক্ষতায় দক্ষ হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানী ঢাকার ইউল্যাবে আয়োজিত ২য় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতি দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে তরুণদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদে রূপান্তর করা আবশ্যক। তিনি শ্রেণিকক্ষে মুখস্থনির্ভর পড়াশোনার বদলে ইংরেজির ব্যবহারিক প্রয়োগ, প্রযুক্তিগত জ্ঞান ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন। পাশাপাশি শিক্ষকদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং তরুণদের অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে কর্মমুখী শিক্ষা ও উদ্যোক্তা হওয়ার পরিবেশ গড়ে তোলারও তাগিদ দেন।
সম্মেলনে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজার সভাপতিত্বে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব এবং সাহিত্যিক আনিসুল হকসহ অন্যরা বক্তব্য দেন।