ছাত্রদল যত বেশি বেগবান হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতি ততটাই উর্বর হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম। ছাত্রদলকে ভবিষ্যৎ রাজনীতির 'সাপ্লাই লাইন' উল্লেখ করে তিনি এই সংগঠন থেকেই মেধা ও যোগ্যতাসম্পন্ন নেতৃত্ব তৈরি করার আহ্বান জানান।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে কমল কুঁড়ি ও জিয়া স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তব্যে আবদুস সালাম বলেন, ছাত্রদলকে মেধা, জ্ঞান, দেশপ্রেম ও সাংগঠনিক দক্ষতায় পুরোপুরি সমৃদ্ধ করে ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে। রাজনীতিতে সফল হতে মেধার কোনো বিকল্প নেই।

ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অতীতে এই সংগঠন থেকেই উঠে এসে অনেকে বিএনপির স্থায়ী কমিটি, মন্ত্রিপরিষদ ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সফলভাবে ভূমিকা রেখেছেন। আগামী দিনেও ছাত্রদলের নেতাকর্মীদেরই রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব গ্রহণ করতে হবে।

শিক্ষার্থীদের সুস্থ ধারার রাজনীতি অনুশীলনের পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, সুস্থ রাজনীতির চর্চার মধ্য দিয়েই মানুষের মাঝে দেশপ্রেমের জন্ম হয় এবং সেই দেশপ্রেম থেকেই পরবর্তীতে মানবপ্রেমের বিকাশ ঘটে। এজন্য ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়মিত সাহিত্যচর্চা ও বই পড়ার অভ্যাস বাড়ানোর আহ্বান জানান তিনি।

এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও স্মৃতিচারণ করে আবদুস সালাম বলেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে জিয়াউর রহমানের দৃঢ় ও আপসহীন অবস্থানের কারণেই তিনি আজও দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন।