পটুয়াখালীর নির্মাণাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) প্রধান ফটকের সামনের মহাসড়কের পাশ থেকে আব্বাস সিকদার (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) রাত ২টার দিকে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের এই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্বাস আউলিয়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পচাকোড়ালিয়া গ্রামের মো. রফিক সিকদারের ছেলে।
নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, এলাকায় একটি মারামারির ঘটনার পর আব্বাস দুইদিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার রাতে এক অটোরিকশাচালক নিহতের চাচাকে ফোন করে জানান, আব্বাস ইপিজেডের সামনে অসুস্থ অবস্থায় পড়ে আছেন। পরে স্বজনেরা গিয়ে তার মরদেহ দেখতে পান।
নিহতের পিতা রফিক সিকদার জানান, তার আসন্ন ইউপি নির্বাচন ঘিরে স্থানীয় একটি মহলের সাথে দ্বন্দ্ব ছিল এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। স্থানীয়দের ধারণা, তাকে মারধর করে হত্যা করা হতে পারে। পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।