রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারা গলির মনসুর খান প্লাজায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে মার্কেটটির ছয়তলায় থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে প্রবেশ করতে না পারায় ব্যবসায়ীরা তাদের গোডাউনের ক্ষয়ক্ষতি নিয়ে চরম অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন। কারো গোডাউনে প্রায় ৪০ লাখ টাকার ব্যাগ, আবার কারো কোটি কোটি টাকার কসমেটিকসসহ বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে মনসুর খান প্লাজায় এই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে এবং দীর্ঘ চেষ্টার পর মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সরু রাস্তা ও ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হয়েছে। আগুন নেভানোর এই কাজে গিয়ে তীব্র ধোঁয়ায় ফায়ার সার্ভিসের দুই কর্মী অসুস্থ হয়ে পড়েন।

এদিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কার্যক্রম ও দীর্ঘ সময় লাগা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কিছু ব্যবসায়ী। অগ্নিকাণ্ডের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশপাশের আরও ১০ থেকে ১৫টি ভবন বন্ধ করে দেওয়ায় চারপাশের অন্যান্য ব্যবসায়ীরাও দীর্ঘ সময় দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছেন, যার ফলে তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। গোডাউনের দরজা খুলে ভেতরের পরিস্থিতি স্বচক্ষে না দেখা পর্যন্ত ব্যবসায়ীদের এই দুশ্চিন্তা ও আশঙ্কা কাটছে না