সৌদি আরবের রিয়াদে সাম্প্রতিক হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে দেশটির সরকারের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সৌজন্য সাক্ষাতে এই সহযোগিতা চান প্রতিমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিয়াদে সাম্প্রতিক হামলার ঘটনায় সৌদি আরবের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি প্রকাশ করেন এবং নিরীহ মানুষের প্রাণহানিতে গভীর শোক জানান। এছাড়া যেকোনো ধরনের আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সংলাপ ও কূটনীতির ওপর বিশেষ জোর দেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে দেশটির কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি, এই হামলায় আহত অন্যান্য বাংলাদেশি নাগরিকদের দ্রুত ও যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করায় সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের এই সংহতি ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। উল্লেখ্য, গত শনিবার (১০ অক্টোবর) সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত এবং অন্তত ২৭ জন বাংলাদেশি আহত হন।