সম্প্রতি সৌদি আরবের বেসামরিক অবকাঠামোতে হুথি হামলার প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনে (ওআইসি) বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাভেদ সৌদির নতুন স্থায়ী প্রতিনিধির সঙ্গে বৈঠকে এ সংহতি জানান।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ওআইসিতে সৌদি আরবের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খালিদ বিন ইসমাইল বিন বাদাওয়ি বিন হুসাইন আল শরিফের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মেলেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। বৈঠকে উভয় প্রতিনিধি বাগদাদে আসন্ন ওআইসি-র ৫২তম পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) বৈঠক নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এম জে এইচ জাভেদ উল্লেখ করেন যে, হুথিদের সাম্প্রতিক হামলায় দুই বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক আইন অমান্য করে চালানো এই হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তিনি সৌদি আরবের আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্নে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। এর জবাবে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সৌদির পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রশংসা করেন সৌদি দূত।

বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘রোহিঙ্গা সংকট’ প্রসঙ্গ উঠে আসে। সৌদি দূত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মিয়ানমারের গণহত্যার দায়ে প্রত্যাশিত ইতিবাচক রায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের ইতিহাসে একটি ঐতিহাসিক নজির স্থাপন করবে বলে মন্তব্য করেন। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সৌদি আরবের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে বলে বাংলাদেশকে আশ্বস্ত করেন তিনি।

এছাড়া, ওআইসির বিভিন্ন ফোরামে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়াতে এবং বিশেষ করে বাণিজ্য, অর্থায়ন, কৃষি, স্বাস্থ্যসেবা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সমন্বিত পদক্ষেপে কাজ করার বিষয়ে দুই প্রতিনিধি একমত পোষণ করেন।