বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনকে সামনে রেখে প্রাক-মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে ঋণখেলাপিদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো ঋণখেলাপি ব্যক্তি যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. আবদুল মমিন সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
ইসির চিঠিতে জানানো হয়, আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নম্বর মহিলা আসন-২৩ (সংরক্ষিত)-এর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল প্রার্থীর ঋণখেলাপি-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও যথাযথ যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে অবিলম্বে নির্দেশনা দেওয়ার জন্য বলা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদের সাধারণ আসনগুলোর মতো সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রেও যাতে কোনো ঋণখেলাপি প্রার্থী ভোটে অংশ নিতে না পারেন, সে বিষয়ে কঠোর ভূমিকা রাখা হবে। এ উদ্দেশ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর সংশ্লিষ্ট বিধানাবলি এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর জারি করা দিকনির্দেশনা অক্ষরে অক্ষরে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এরপর দাখিলকৃত প্রার্থীদের নাম, পিতা-মাতা বা স্বামীর নামসহ প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করবে।