বর্তমান সরকারের কড়া সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সরকারকে একটি ফিটনেসবিহীন গাড়িতে তুলে দেওয়া হয়েছে, যার ইঞ্জিন ও চাকা নেই। চালক যত দক্ষই হোন না কেন, এই গাড়ি গন্তব্যে পৌঁছাতে পারবে না।’ তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার না করে ক্ষমতাকেন্দ্রিক ব্যবসা, দুর্নীতি ও আওয়ামী লীগকে পুনর্বাসনের পথে হাঁটছে।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই গণহত্যার বিচার: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এনসিপির জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি এই সভার আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা রাষ্ট্রকাঠামোর পরিবর্তন চেয়েছিলাম যাতে সবাই সমান অধিকার পায়। কিন্তু বাস্তবে শুধু চেহারার পরিবর্তন হয়েছে—কেউ এমপি, কেউ মন্ত্রী বা প্রতিমন্ত্রী হয়েছেন। কিন্তু বিচার ও প্রশাসনিক কাঠামোর মৌলিক কোনো পরিবর্তন হয়নি।’ তারেক রহমানকে ইঙ্গিত করে তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তাঁকে বসানো হলেও ইঞ্জিনের ত্রুটির কারণে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়।

বিএনপির একাংশের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তিনি বলেন, ‘বিএনপির মুখে জুলাই কিন্তু অন্তরে আওয়ামী লীগ। দীর্ঘ দেড় দশক ধরে নির্যাতিত ত্যাগী বিএনপি নেতাকর্মীরা এখন অবমূল্যায়িত হচ্ছেন, আর নতুন করে আসা একটি অংশ ব্যবসায়িক সুবিধা ভোগ করছে।’

জুলাই গণ-অভ্যুত্থানের মামলার অগ্ৰগতি নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, প্রকৃত ভুক্তভোগীদের বাদ দিয়ে মনগড়া আসামি করে মামলাগুলোকে অর্থ আদায় ও আপস-বাণিজ্যের হাতিয়ার বানানো হয়েছে। দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে চার্জশিট দিয়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানান তিনি। এছাড়া সরকারের অর্থনৈতিক নীতি ও জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলনকে অবাস্তব আখ্যা দিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দায়িত্বে থাকা সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও পরিবারতন্ত্রের নানা অভিযোগ তোলেন।

হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অপরাধ স্বীকার না করা পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের প্রশ্নই আসে না। যত বড় প্রভাবশালীই হোন না কেন, দুর্নীতি প্রতিরোধ ও গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।’