কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের সময় একটি ডাবল ডেকার স্লিপার বাসের কেবিনের এসি এয়ার ভেন্ট থেকে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বিপ্লব ইসলাম (২৮) নামের এক বাসযাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার নয়মাইল এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার বিপ্লব ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পারগয়ড়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নয়মাইল এলাকায় চেকপোস্ট বসিয়ে পঞ্চগড়গামী 'এভারগ্রীন পরিবহনের' একটি স্লিপার বাসে তল্লাশি চালানো হয়। ত

ল্লাশিকালে বাসের ‘এ-ফোর’ সিঙ্গেল কেবিনের এসি এয়ার ভেন্টে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৩টি জিপার ব্যাগ উদ্ধার করা হয়, যার প্রতিটিতে ২০০টি করে মোট ১০ হাজার ৬০০ পিস ইয়াবা ছিল। উদ্ধার করা এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা। পরে ওই কেবিনের যাত্রী বিপ্লব ইসলামকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক জিললুর রহমান জানান, জব্দকৃত ইয়াবার চালানটি কক্সবাজার থেকে গাইবান্ধায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়ার শাজাহানপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।