মাগুরার শালিখায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার শতখালী নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ‘দৈনিক গ্রামের কাগজ’ ও ‘দৈনিক প্রতিদিনের কাগজের’ সাংবাদিক জসীম উদ্দীন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
আহত সাংবাদিক জসীম উদ্দীন জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং কেন্দ্রীয় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের অনুসারী ওয়াদুদ বিশ্বাসের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে তা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ভিডিও ধারণ করতে গেলে মোস্তাক ও তার সমর্থকেরা তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। তবে মোস্তাক হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, সাংবাদিক পরিচয়ের জন্য নয়, প্রতিপক্ষ রাজনৈতিক গ্রুপের হয়ে আসার কারণে হামলা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থার দাবি জানানো হয়েছে। মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ঘটনাটিকে দুঃখজনক বলেছেন। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাংবাদিকের ওপর হামলার লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।