সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী দুর্গাপূজা পাঁচ দিন ধরে উদযাপিত হলেও এ বছর মহাসপ্তমীর তিথি দুদিন পড়ায় শারদীয় দুর্গোৎসব এক দিন বেড়ে বিজয়া দশমী পর্যন্ত মোট ছয় দিন ধরে চলবে।
সে অনুযায়ী শনিবার মহাসপ্তমী, রোববার মহাসপ্তমীর অধিক পূজা, সোমবার মহাষ্টমী ও কুমারী পূজা এবং মঙ্গলবার মহানবমীর পর বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।
হিন্দু শাস্ত্রানুসারে, দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়ায়) চড়ে মর্ত্যলোকে আগমন করছেন এবং বিদায় নেবেন নৌকায় চড়ে। অসুর শক্তিকে বিনাশ করে স্বর্গলোক পুনরুদ্ধারের লক্ষ্যে দেবতাদের তেজ থেকে আবির্ভূত এই দেবী প্রতিবছরের মতো এবারও শ্বশুরালয় কৈলাস ছেড়ে কন্যারূপে বাপের বাড়িতে আগমন করছেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার সারাদেশে রেকর্ড সংখ্যক ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় ৪৯৬টি বেশি। তবে ঢাকা মহানগরীতে রাস্তার ওপর পূজা আয়োজনের অনুমতি না থাকায় এ বছর ৩টি মণ্ডপ কমে মোট ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।