নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে গুলি করে হত্যা স্বাধীন সাংবাদিকতা ও সংবাদকর্মীদের নিরাপত্তার জন্য এক গুরুতর হুমকি। এ ঘটনার পেছনে থাকা কোনো গভীর পরিকল্পনা বা মূল কারণ উদ্ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তারা। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা জোরদার এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরির ওপর জোর দেন তারা।
মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নেত্রকোণার দুর্গাপুরের বিরিশিরি এলাকায় সাবেক সেনাসদস্য ও 'চ্যানেল রূপসী বাংলা'র জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকিরকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন।