চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১.৮ কেজি গানপাউডার এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর রাজশাহী বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের আভিযানিক দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আমবাগান থেকে ককটেল ও গানপাউডারের পাশাপাশি ২টি হাসুয়া জব্দ করা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এসআরবির প্রাথমিক ধারণা, দেশে বড় ধরনের কোনো নাশকতা সংঘটিত করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এসব বিস্ফোরক ও অস্ত্র বাগানে মজুত করে রেখেছিল।

এসআরবি-৫-এর ক্যাম্প কমান্ডার সিনিয়র পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, উদ্ধার করা সমস্ত আলামত পরবর্তী আইনি ব্যবস্থার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।