কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন ‘টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার ইনানী গ্রামের পাটুয়ারটেক এলাকায় অবস্থিত রিসোর্টটিতে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ড ও ৫ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়ে ৮টার দিকে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আগুন লাগার কারণ জানতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।