সাভারের আশুলিয়ায় ডেকো গ্রুপের ‘আগামী অ্যাপারেলস লিমিটেড’ কারখানায় কর্মরত অবস্থায় সুমি আক্তার ওরফে মিসু (২৭) নামে এক নারী পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারখানার ভেতরেই তার মৃত্যু হয়েছে এবং পরবর্তীতে তা ধামাচাপা দিতে হাসপাতাল থেকে মরদেহ সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে কারখানার ভেতরে কাজের সময় অসুস্থ হয়ে পড়লে সুমিকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমি রংপুর ডিমলার বজলার মিয়ার মেয়ে এবং তিনি পরিবারসহ আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাস করতেন।

নিহতের স্বামী সাজ্জাদের অভিযোগ, কারখানায় কাজ করার সময় হঠাৎ সুমি অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা কারখানার ফটকে গেলেও কর্তৃপক্ষ শুরুতে তাদের ঢুকতে দেয়নি। পরবর্তীতে ভেতরে গিয়ে তিনি সুমিকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পান। তিনি দাবি করেন, কারখানার ভেতরেই তার স্ত্রীর মৃত্যু হয় এবং পরে মরদেহ না জানিয়ে দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করে কারখানা কর্তৃপক্ষ।

ঘটনার খবর পেয়ে শিল্প পুলিশের পাশাপাশি আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।