রাজধানীর উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল ও রাজউক উত্তরা মডেল কলেজ আকস্মিক পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) তিনি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে এই ঝটিকা সফর করেন।

পরিদর্শনকালে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা ও সার্বিক কার্যক্রমে চরম অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে রাজধানীজুড়ে বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালের প্রস্তুতি ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানান তিনি। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে এবং হাসপাতালে রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় মনিটরিং কার্যক্রম অবিলম্বে জোরদার করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।


হাসপাতালের প্রশাসনিক ও চিকিৎসা সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর বার্তা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পরবর্তী ৭ দিনের সময়সীমা (আলটিমেটাম) বেঁধে দিয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতালের চিকিৎসাসেবার মান দৃশ্যমানভাবে উন্নত না হলে এবং ডেঙ্গু রোগীদের সেবায় গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ার করেন।

এরপর তিনি রাজউক উত্তরা মডেল কলেজ পরিদর্শন করেন এবং শিক্ষাকার্যক্রমের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী হঠাৎ করে পরিদর্শনে আসায় হাসপাতাল ও কলেজ প্রশাসনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরিদর্শনের সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।