ঢাকের তালে, শঙ্খধ্বনি ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে উত্তরা পশ্চিম থানা মহানগর সার্বজনীন পূজা কমিটির শারদীয় দুর্গোৎসব ২০২৬।
গত শুক্রবার (২৭ আশ্বিন ১৪৩৩, ১৬ই অক্টোবর ২০২৬) সন্ধ্যায় মহা ষষ্ঠীর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে এ বছরের দুর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
এবারের শারদীয় উৎসবের মহা ষষ্ঠীর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ইসকনের সাধারণ সম্পাদক ও ঢাকা স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "দুর্গা পূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মনের অন্ধকার দূর করে আলোর পথে যাওয়ার উৎসব। অসুর শক্তির বিনাশ করে শুভ শক্তির জাগরণই এই পূজার মূল মর্মবাণী।"
সম্পূর্ণ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম থানা শাখার সভাপতি শ্রী সুজয় কুমার সাহা এবং অনুষ্ঠানটি সুন্দর ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক শ্রী কমল কান্তি সরকার।
সভাপতির বক্তব্যে শ্রী সুজয় কুমার সাহা বলেন, "ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক আবহে এই উৎসবটি প্রতিবছর আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে উদযাপিত হয়। আমরা চাই সবাইকে নিয়ে মিলেমিশে এই সার্বজনীন উৎসবকে সফল করতে।"
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের এক সমৃদ্ধ ঐতিহ্যের দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব।
তারা আরও বলেন, "পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে প্রত্যেক মানুষ নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও স্বাতন্ত্র্য বজায় রেখে মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন।"
অনুষ্ঠানে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সকল সম্প্রদায়ের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করা হয়। পরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে মহা ষষ্ঠীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।