জমজমাট আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো 'প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬'-এর ফাইনাল খেলা। ফাইনাল খেলায় গাছা অঞ্চল-৩-কে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টঙ্গী অঞ্চল-১।
গত শুক্রবার (১৬ অক্টোবর) গাজীপুর মহানগরের কাশিমপুরের গিয়াস উদ্দিন সরকার ফুটবল মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। খেলাটি গোলশূন্য ড্র থাকায় জয়-পরাজয় নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। টাইব্রেকারে গাছা অঞ্চল-৩-কে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় টঙ্গী অঞ্চল-১।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। খেলোয়াড়দের প্রতিটি আক্রমণ ও পাল্টা আক্রমণে দর্শকরা করতালিতে পুরো মাঠকে উৎসবের মিলনমেলায় পরিণত করেন।
ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। জমজমাট ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটলেও এর রোমাঞ্চ স্থানীয় ফুটবলপ্রেমীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।