মাগুরার মহম্মদপুর উপজেলায় নিয়মবহির্ভূতভাবে ইটভাটা স্থাপন ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে পরিচালিত এই অভিযানে প্রতিটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স সীমান্ত ব্রিকস, মেসার্স নদী ব্রিকস ও মেসার্স নাবা ব্রিকস। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক কমল কুমার বর্মন।

অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর সংশ্লিষ্ট বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এই অর্থদণ্ড আরোপ করা হয়। পরিবেশদূষণ রোধ ও আইন বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস, আনসার ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক কমল কুমার বর্মন জানান, নিয়মবহির্ভূত ইটভাটা পরিচালনার ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।