নীলফামারীর কিশোরগঞ্জে ইজিবাইকে যাত্রীবেশে উঠে চালককে চেতনানাশক খাইয়ে যানবাহন ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মাগুড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সিঙ্গেরগাড়ী পাঠানপাড়া এলাকার মৃত পেলকা মামুদের ছেলে বাদল মিয়া (১৪) ও একই এলাকার আশোয়ার খানের ছেলে শাকিল খান (১৭)। শনিবার (১৭ অক্টোবর) রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর।

পুলিশ সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে সাধারণ যাত্রীর ছদ্মবেশে ইজিবাইকে উঠে সুবিধাজনক স্থানে চালককে চেতনানাশক খাইয়ে অচেতন করে ইজিবাইক ছিনতাই করে আসছিল। সম্প্রতি ঘটে যাওয়া একটি ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার তদন্ত করতে গিয়ে এই চক্রের সম্পৃক্ততা উন্মোচিত হয়। সেই সূত্রে অভিযান চালিয়ে তাদের মাগুড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর জানান, গ্রেপ্তারকৃত আসামিরা সুকৌশলে যাত্রীবেশে ইজিবাইকে চেপে বসে চালককে চেতনানাশক প্রয়োগের মাধ্যমে ইজিবাইক ছিনতাই করে আসছিল। আটকের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।