রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় আত্মরক্ষার্থে নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরেছিলেন বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এই ব্যাখ্যা দেন।

বিবৃতিতে ইশরাক জানান, কর্মসূচি চলাকালে একটি অস্থায়ী আস্তানার নিকট পৌঁছালে ৩০ থেকে ৩৫ জন আইনলঙ্ঘনকারী ব্যক্তি অতর্কিতে মারমুখী ভঙ্গিতে তাদের গাড়িবহরের দিকে ধেয়ে আসে। সুনির্দিষ্ট হামলা ও নিরাপত্তাঝুঁকির আশঙ্কা থেকে তিনি এবং তার সরকারি নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে স্বল্প সময়ের জন্য আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অস্ত্রটি যথাস্থানে রাখা হয় এবং এই প্রদর্শনী সম্পূর্ণ আইনি কাঠামোর মধ্যে আত্মরক্ষার স্বার্থেই করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ইত্তেফাক ও কালসহ কয়েকটি গণমাধ্যম খণ্ডিত তথ্য ও ফটোকার্ডের মাধ্যমে বিকৃত সংবাদ পরিবেশন করেছে বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তার মতে, এসব প্রতিবেদনে অভিযানের সাফল্য, মাদক ও অস্ত্র উদ্ধার এবং ৬ জন অপরাধী আটকের ইতিবাচক দিকটি এড়িয়ে গিয়ে কেবল 'অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান'—এই চটকদার দৃশ্য প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পরই গেন্ডারিয়া থানা-পুলিশকে অবহিত করা হয় এবং পুলিশের উপস্থিতিতে যৌথ অভিযানে ৪-৫টি অবৈধ মাদকের আস্তানা উচ্ছেদ করা হয়। এ সময় হেরোইন, বিদেশি মদ, দেশীয় ধারালো অস্ত্র, মাদক বিক্রির নগদ অর্থ ও ছিনতাইকৃত মোবাইলসহ হাতেনাতে ৬ জন মাদক কারবারিকে আটক করে থানায় সোপর্দ করা হয়। ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত করা এবং জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।