কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধান ও নিরাপত্তাব্যবস্থা যাচাইয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে কমিটির সদস্যরা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানের নেতৃত্বে গঠিত এই ৫ সদস্যের কমিটির পরিসর বাড়িয়ে ৭ সদস্যে উন্নীত করা হয়েছে এবং তদন্ত শেষ করতে পাঁচ দিন সময় দেওয়া হয়েছে।
পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত উদ্ধার হওয়া ১০ জনের মরদেহ পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় ডিএনএ পরীক্ষা ছাড়া পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়। তবে স্বজনদের দাবি অনুযায়ী আরও একজন নিখোঁজ থাকতে পারেন। নিখোঁজ ব্যক্তির অবস্থান শনাক্তে পুলিশ তার মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করছে। পাশাপাশি রিসোর্টটির প্রয়োজনীয় অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ধ্বংসস্তূপে আরও একজন চাপা পড়ে থাকতে পারেন—এমন আশঙ্কায় রোববার ফায়ার সার্ভিস পুনরায় তল্লাশি শুরু করেছে। ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার জানান, কাঠ দিয়ে তৈরি ওপরের তলাগুলো ভেঙে নিচে পড়ায় শনিবার অতিরিক্ত তাপমাত্রার কারণে সব জায়গায় খোঁজা সম্ভব হয়নি।
অন্যদিকে, মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত ওই রিসোর্টে আগুন লাগার ঘটনায় রিসোর্ট মালিক তানভীরসহ ১৯ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। রোববার দুপুরে এই মামলায় গ্রেপ্তারকৃত রেস্টুরেন্ট ম্যানেজার সুমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।