সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরানে ইয়েমেনি হুথি গোষ্ঠীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মাঝআকাশে আটকে দিয়ে ধ্বংস করেছে সৌদির সামরিক বাহিনী। গতকাল রোববার (১৮ অক্টোবর) এই ঘটনা ঘটে।
তবে আকাশ থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ার সময় তার আঘাতে নাজরান শহরে ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া এর প্রভাবে তিনটি বসতবাড়ি ও তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরব নিউজকে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র বলেন, বেসামরিক লক্ষ্যবস্তুকে নিশানা বানিয়ে হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট ও চরম লঙ্ঘন। নাজরানের এই ঘটনার জবাবে সৌদি সরকারকে যথাযথ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান তিনি।
উল্লেখ্য, ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে গত প্রায় দু’মাস ধরে তীব্র সংঘাত চলছে। সংঘাতকালে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল সরকারকে সমর্থন জানিয়ে আসছে সৌদি আরব। এর জেরে গত দুই মাসে বিভিন্ন সময়ে হুথি বিদ্রোহীরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সীমান্ত পেরিয়ে একাধিকবার সৌদি ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে।
(তথ্যসূত্র: আরব নিউজ)