পিরোজপুর পৌরসভায় ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে সোমবার (১৯ অক্টোবর) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডিসি পাড়া এলাকায় খাল পরিষ্কারসহ বিভিন্ন স্থানে নিবিড় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে এডিস মশার বংশবিস্তার রোধ করতে পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন এলাকায় লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে করেন। পাশাপাশি এলাকার খাল ও আশপাশের ঝোপঝাড়সহ ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে মশা নিধনের ওষুধ ছিটানো হয়।
পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা বনী আমিন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম। এছাড়া স্থানীয় কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
অভিযান সম্পর্কে পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন জানান, ডেঙ্গুর প্রকোপ থেকে নাগরিকদের সুরক্ষায় পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডেই দিন-রাত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে এবং এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ নিয়মিত চালু থাকবে।
তবে ডেঙ্গু প্রতিরোধে কেবল পৌরসভার উদ্যোগই যথেষ্ট নয় বলে উল্লেখ করেন পৌর কর্তৃপক্ষ। সাধারণ নগরবাসীকে নিজ নিজ বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি দ্রুত অপসারণ করা এবং মশার বংশবৃদ্ধি রোধে ব্যক্তিগতভাবে সচেতন থাকার বিশেষ আহ্বান জানানো হয়েছে।