সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়ায় ‘ক’ গেজেটভুক্ত সরকারি জায়গা দখলের প্রতিযোগিতা চলছে। মহাসড়ক সংলগ্ন সরকারি এই জায়গায় অর্ধেক অংশ আগেই আওয়ামী লীগের স্থানীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলী দখল করেছেন বলে অভিযোগ রয়েছে। এবার অবশিষ্ট বাকি অর্ধেক জায়গা দখল করে পাকা মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপিপন্থি শরিফুল ইসলাম ও আইয়ুব আলীসহ কয়েকজনের বিরুদ্ধে।
স্থানীয় সূত্র জানায়, বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পূর্বদেলুয়া বাসস্ট্যান্ড সংলগ্ন পূর্বদেলুয়া মৌজায় মোট ২৯ শতাংশ সরকারি জায়গা রয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে ১৪ শতাংশ জমি পূর্বেই দখলের অভিযোগ ছিল আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। আর নতুন করে বাকি সাড়ে ১৪ শতাংশ জমি দখল করে বিএনপিপন্থিরা মার্কেট নির্মাণ করছেন, যার ইতোমধ্যে একতলার কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
সরকারি জায়গায় অবৈধ নির্মাণকাজ বন্ধে স্থানীয় ভূমি অফিসের পক্ষ থেকে জায়গাটিতে লাল পতাকা ও সতর্কীকরণ সাইনবোর্ড টানানো হলেও রাতের আঁধারে সেটি খুলে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে। সাইনবোর্ড তুলে নেওয়ার পর কোনো বাধা ছাড়াই পুরোদমে মার্কেট তৈরির কাজ অব্যাহত থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার স্থানীয় বাসিন্দারা।
এ প্রসঙ্গে দখল ও নির্মাণে অভিযুক্ত শরিফুল ইসলাম বলেন, তাঁরা জমি ক্রয় করে সেখানে ভবন তৈরি করছেন এবং মামলা আদালতে বিচারাধীন। অন্যদিকে বড়হর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. মঈন উদ্দীন বিষয়টিকে অবৈধ দখলদারিত্ব হিসেবে উল্লেখ করে বলেন, সরকারি জমিতে সাইনবোর্ড টাঙানো হলেও গভীর রাতে সেটি উপড়ে ফেলা হয়েছে এবং পুরো বিষয়টি বিস্তারিত জানিয়ে উর্ধ্বতন কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরোবরে লিখিত প্রতিবেদন দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নুর নাহার বেগম জানান, সরকারি সম্পত্তি ব্যক্তিগতভাবে ভোগদখল করার কোনো আইনি সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারকে (ভূমি) তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। তদন্তে দখলদারিত্ব প্রমাণিত হলে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।