চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’ নামে নতুন একটি উইং গঠন করতে যাচ্ছে। আগামী দুই-এক দিনের মধ্যেই ৩ থেকে ৪ সদস্যের একটি সংক্ষিপ্ত আহ্বায়ক কমিটি ঘোষণা করার কথা রয়েছে।

দলীয় সূত্র মতে, নতুন এই উইংয়ের আহ্বায়ক পদে গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের এবং এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের নাম জোরালো আলোচনায় রয়েছে। সদস্যসচিব পদে আলোচনায় আছেন সাবেক যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে এনসিপির সহসাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক, সাবেক কেন্দ্রীয় সদস্য মহিউদ্দিন রনি ও খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মোল্লা রহমতুল্লাহর নাম শোনা যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা জানান, খুব দ্রুতই আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে এবং কমিটি প্রকাশের ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে।

সংগঠনটি প্রধানত দুর্যোগ ও সংকটের সময় উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ ও সামাজিক জনকল্যাণমূলক কাজের পাশাপাশি এনসিপির রাজনৈতিক কর্মসূচি সফল ও দলীয় আদর্শ প্রচারে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, সম্প্রতি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা এনসিপি তাদের ২১৭ সদস্যের পূর্ববর্তী আহ্বায়ক কমিটি পুনর্গঠন করে ১৯৫ সদস্যের নতুন তালিকা প্রকাশ করেছে, যেখানে আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেন বহাল রয়েছেন। এছাড়া সম্প্রতি দলটির নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’রও নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।