জেলা প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের ১৮তম দিনে পদ্মা নদীতে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ছয় জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ অক্টোবর) রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী এই দণ্ডাদেশ দেন।
অভিযানকালে ওই ছয় জেলের কাছ থেকে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং দুই কেজি মা ইলিশ জব্দ করা হয়। উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
জেলা মৎস্য অধিদপ্তর জানায়, মা ইলিশ রক্ষায় গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত জেলায় মোট ৭৩টি অভিযান ও ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময়ে প্রায় ১৪ লাখ ৭৬ হাজার মিটার জাল, ২৫৬ কেজি মাছ জব্দ করা ছাড়াও ৩৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ যৌথ অভিযান অব্যাহত থাকবে।