জাপান সফরে থাকা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো।

সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে টোকিওতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেইসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জাইকা প্রেসিডেন্টের সঙ্গে ২০২৬ সালের জুলাই মাসে তাঁর বাংলাদেশ সফরকালের ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করেন এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপানের দীর্ঘদিনের অংশীদারিত্ব ও জাইকার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অবকাঠামো উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে জাপানের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী চলমান মেগা প্রকল্পগুলো নির্ধারিত সময়ে সম্পন্ন করা এবং অপেক্ষমাণ অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর অনুমোদন ত্বরান্বিত করার ওপর জোর দেন।

বৈঠকে বাংলাদেশ–জাপান দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব, প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠা, কৃষির আধুনিকায়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে সহযোগিতা সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহজ শর্তে ঋণ, কারিগরি সহায়তা ও বাজেট সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়। জবাবে জাইকা প্রেসিডেন্ট বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দীকীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।