আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দেবে এবং তাদের মধ্যেই নতুন বাংলাদেশ ও নতুন স্বপ্ন দেখা যায় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৬ অক্টোবর) বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা ২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৭ম থেকে ৯ম শ্রেণির সেরা শিক্ষার্থী ও শিক্ষকেরা অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে বঙ্গভবন পরিদর্শন করেন। শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখার পর দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময়, অনানুষ্ঠানিক আলাপচারিতা ও ফটোসেশনে অংশ নেন।
বক্তব্যে রাষ্ট্রপতি গুরুজন, শিক্ষক ও বাবা-মাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নিজেদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গভবন কেবল একটি ভবন নয়, এটি রাষ্ট্রের প্রতীক ও ইতিহাসের সাক্ষী। শিক্ষার্থীদের বঙ্গভবন, রাষ্ট্র ও নেতৃত্বের প্রতি আগ্রহী করে তুলতেই এই পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে এবং ভবিষ্যতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও ধারাবাহিকভাবে বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ হয়ে নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানকালে রাষ্ট্রপতির সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।