কেন্দুয়া পৌর সদরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সায়মা শাহজাহান একাডেমির নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. সেকুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করে সকলের প্রতি শুভকামনা জানান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিদ্যালয় হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন সভাপতিকে এই সংবর্ধনা ও বরণ করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া। প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, সিনিয়র সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।
সংবর্ধনার জবাবে নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. সেকুল ইসলাম খান বলেন, "আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই নেত্রকোনা-৩ আসনের শিক্ষাবান্ধব এমপি ড. রফিকুল ইসলাম হিলালী মহোদয়কে। তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কেন্দুয়া-আটপাড়া এলাকায় নিজস্ব অর্থায়নে 'রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম' চালু করেছেন, যার মাধ্যমে ইংরেজি শিক্ষার ব্যাপক প্রসার ঘটছে। তাঁর সহযোগিতায় অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী পড়ালেখা চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। যেহেতু আমাদের সংসদ সদস্য একজন শিক্ষাবান্ধব ব্যক্তি, তাই তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষা বিস্তারের উন্নয়ন কাজ করা আমার জন্য সহজ হবে।"
তিনি আরও বলেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড, তবে সেই শিক্ষা হতে হবে অবশ্যই সুশিক্ষা। মাদক, ইভটিজিং ও অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভার মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। তবে এর জন্য সকলের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম ভূইয়া বলেন, "কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানকে এডহক কমিটির সভাপতি মনোনীত করে গত ১৩ অক্টোবর ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গেজেট প্রকাশ করে। তারই প্রেক্ষিতে আজ আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁকে সভাপতি হিসেবে বরণ করে নিলাম।"
তিনি আরও যোগ করেন, "নতুন সভাপতি একজন শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই। আশা করছি, তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এই বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন।"
১৯৯৫ সালে কেন্দুয়া পৌর সদরের কেন্দুয়া-আঠারোবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে মদন উপজেলার ভাউসা গ্রামের বাসিন্দা লেফটেন্যান্ট কর্নেল শাহ্জাহান উদ্দিন ভূইয়া সায়মা শাহজাহান একাডেমি প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে সহস্রাধিক শিক্ষার্থী অধ্যায়ন করছে। নবগঠিত কমিটির সভাপতি মো. সেকুল ইসলাম খান বর্তমানে কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা ছাত্রদল ও যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।