ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন ভারতীয় নাগরিকসহ মোট ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ভারতীয়দের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন শ্রীনাথপুর বিওপির নিয়মিত টহল চলাকালে তাদের আটক করা হয়। পরে দুপুর আড়াইটার দিকে মহেশপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ধানতলা থানার হোসেনপুর গ্রামের শিবানী সিং (২৭), নকশীপাড়া থানার সোনাতলা গ্রামের দেবকুমার বিশ্বাস (৩৩) ও তাঁর মেয়ে দেবশ্রী বিশ্বাস (১৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে ফিরছিলেন।

গোপালগঞ্জের কোটালীপাড়া থানার শুভজিৎ দাস (২৪), টুঙ্গিপাড়ার দুলালী বিশ্বাস (৩৭), বরিশালের আগৈলঝাড়ার অঞ্জনা শীল (১৯), পিরোজপুরের নেছারাবাদের পূর্ণিমা মৃধা (২০), ঝিনাইদহের মহেশপুরের বশির মোল্লা (৩৬) ও তানজিল (৩৪)।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনাথপুর বিওপির হাবিলদার আব্দুল আজিজের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ৬১-আর সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া গ্রামের ইছামতি নদীর বাঁশের সাঁকোর পাশ থেকে ওই ৯ জনকে আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক (মিডিয়া) মুন্সি ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, আটক ভারতীয় নাগরিকদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অবৈধভাবে সীমান্ত পার হয়েছিলেন এবং ফেরার সময় বিজিবির হাতে ধরা পড়েন। এ ঘটনায় আটক সবার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।