ভোক্তা পর্যায়ে নভেম্বর মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক পত্রে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, নতুন নির্ধারিত এই মূল্যহার আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর মাসজুড়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করেছিল। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে অক্টোবর মাসেও এই দাম বহাল রাখা হয় এবং আগামী নভেম্বরেও একই দামে জ্বালানি তেল বিক্রি অব্যাহত থাকবে।