এতিম ও দুস্থ মানুষের কল্যাণে সরকার কাজ করে যাবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “এতিমদের দায়িত্ব সরকারের। এ দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছে। এতিম ও দুস্থ মানুষের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি অনাথ ও এতিমদের জন্য কার্যক্রমের পরিধি বাড়ানো হচ্ছে।”
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, এতিম ও দুস্থদের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের ধনী ও বিত্তশালী ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই কেবল অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।
কওমি মাদ্রাসার শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কওমি মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে অনেকেই দেশের ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রসারে এই মাদ্রাসাশিক্ষার ভূমিকা অপরিসীম।
মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মো. খোবাইবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ইদ্রিস মিয়া, শিল্পপতি আহমেদুল হক, মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম, শিল্পপতি ফেরদৌস ওয়াহিদ বাপ্পী, শিল্পপতি সামশুল হক এবং উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম।