চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৪০ টন (৪০ হাজার কেজি) সিমেন্টসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে কোস্ট গার্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪০ টন সিমেন্ট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় আটজনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা সিমেন্ট, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।