উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) প্রকাশ করা হবে। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন। ঢাকা শিক্ষা বোর্ডের সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উদ্বোধনের পর পরই পরীক্ষার্থীরা অনলাইনে ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একযোগে ফল সংগ্রহ করতে পারবেন।
ফলাফল জানার জন্য মূল দুটি উপায় রাখা হয়েছে। অনলাইনে ফল দেখতে পরীক্ষার্থীদের শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd-এ প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই ওয়েবসাইটগুলোর ‘Result’ কর্নারে গিয়ে তাদের নির্দিষ্ট EIIN নম্বর ব্যবহার করে পুরো প্রতিষ্ঠানের ফলাফল ডাউনলোড করতে পারবে।
অন্য উপায়টি হলো মোবাইল ফোনে এসএমএসের (SMS) মাধ্যমে ফল জানা। যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং আরও একটি স্পেস দিয়ে পরীক্ষার বছর ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে পাঠাতে হবে HSC DHA 123456 2026।
শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকা অফিসে সরাসরি কোনো ফল পাওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রকাশিত ফলে কারো আপত্তি থাকলে বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) প্রয়োজন হলে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের নিয়ম ও যাবতীয় তথ্য শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে।