রাজধানীর উত্তরায় মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ৫০ নম্বর ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) ‘মাদক ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলকল্পে করণীয়’ শীর্ষক এই সভাটি আয়োজিত হয়। এতে ৫০ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য আবদুস সালাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ৫০ নম্বর ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। কিশোর গ্যাং ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড ছাড়ুন, অন্যথায় ৫০ নম্বর ওয়ার্ড ছাড়ুন।” এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. শাহ জালালের সভাপতিত্বে এবং ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাহ উদ্দিন খান (লিটনের) সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মো. হেলাল উদ্দিন তালুকদার, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মো. শাহ আলম ও মো. খান জামানসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় মাদক ব্যবসা ও মাদকাসক্তি প্রতিরোধ, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা, এলাকার অপরাধপ্রবণতা কমানো এবং সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ৫০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। স্থানীয়দের আশা, এ ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখা এবং এলাকায় একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।