গাজীপুরের টঙ্গীতে জমি দখলের চেষ্টা, বাড়ি নির্মাণকাজে বাধা এবং টাকা পরিশোধের পরও জমি বুঝিয়ে না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বেশ কয়েকজন ভুক্তভোগী।

রোববার (১ নভেম্বর) বিকেলে নিজ এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এসব অভিযোগ তুলে ধরে সুষ্ঠু তদন্ত ও আইনি প্রতিকার দাবি করেন।

সংবাদ সম্মেলনে পারুল বড়ুয়া অভিযোগ করেন, মো. মফিজুল ইসলাম, মো. নুর ও এমদাদ নামের তিন ব্যক্তি তাঁর বাড়িঘর দখলের চেষ্টা চালাচ্ছেন এবং তাঁকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

অন্যদিকে, আব্দুল আজিজ জানান, তিনি নিজের জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন।

এছাড়া ফাতেমা বেগম নামের আরেক ভুক্তভোগী অভিযোগ করেন, জমির সম্পূর্ণ টাকা পরিশোধ করা সত্ত্বেও তাঁকে জমি বুঝিয়ে দিচ্ছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগীরা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের সম্পত্তির অধিকার নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।