সাধারণ মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া এবং দেশের কোনো মানুষ যেন অনাহারে না থাকে, সেই লক্ষ্যেই খোলাবাজারে খাদ্য বিক্রির (ওএমএস) পয়েন্ট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় মানিকগঞ্জ পৌরসভার শহীদ মিনার চত্বরে ওএমএস কার্যক্রমের আওতায় ট্রাকসেলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাধারণ ও অসহায় মানুষের কাছে সুলভ মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দিতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জের অভাবী ও নিম্ন-মধ্যবিত্ত মানুষ যাতে আরও সহজে চাল ও আটা সংগ্রহ করতে পারেন, সেজন্য নতুন করে ৫টি ওএমএস পয়েন্ট বাড়ানো হয়েছে।

আসন্ন রমজান মাস উপলক্ষে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী জানান, এ বিষয়ে বর্তমানে কিছু পরিকল্পনা নিয়ে কাজ চলছে, যা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার নাজমুস সাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।