গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধকারী শ্রমিকদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। দীর্ঘ ৭ ঘণ্টা পর রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় ওই মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পুনরায় যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
এর আগে রোববার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ, মৌচাক ও কোনাবাড়ী এলাকার বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি ব্যাংক, দোকানপাট ও পুলিশবক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয় এবং ৭ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।
শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈর থেকে কোনাবাড়ী পর্যন্ত মহাসড়কের উভয় পাশে থাকা অর্ধশতাধিক কারখানা সাময়িক ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।