তুরস্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর দুই দিনব্যাপী ‘ওয়ার্ল্ড লিডার্স সামিটে’ যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠেয় এই উচ্চপর্যায়ের সম্মেলনে বাংলাদেশ ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানাবে।

সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত সংক্ষিপ্ত সফরে সম্মেলনে যোগ দিয়ে উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য রাখবেন।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) কপ৩১ সম্মেলনটি আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে অনুষ্ঠিত হবে। তুরস্ক এই সম্মেলনের আয়োজক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে, আর আলোচনা ও দরকষাকষির মূল সভাপতিত্বে থাকবে অস্ট্রেলিয়া।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, সম্মেলনে বাংলাদেশ ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের পক্ষে জোরালো অবস্থান নেবে। তিনি স্পষ্ট করেন, কার্বন নিঃসরণে বাংলাদেশের ভূমিকা প্রায় শূন্যের কোঠায় হলেও সবচেয়ে বেশি ক্ষতি আমাদেরই ভোগ করতে হয়। তাই ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর অতিরিক্ত ঋণের বোঝা না চাপিয়ে অনুদান নিশ্চিত করা এবং প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি আরও জানান, বিএনপি নেতৃত্বাধীন সরকার গত ছয় মাসে পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় খাল খনন, ব্যাপক বৃক্ষরোপণ এবং সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে যেসব পদক্ষেপ নিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনে সেগুলো তুলে ধরবেন। পাশাপাশি জলবায়ু সহনশীলতা ও অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগ ও জনগণের ঘুরে দাঁড়ানোর সক্ষমতাও সম্মেলনে প্রদর্শিত হবে।

সফরের বিস্তারিত সূচি ও অন্যান্য বিষয় পরবর্তী সময়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, এবারের সম্মেলনে প্যারিস চুক্তির দ্রুত বাস্তবায়ন, টেকসই অর্থায়ন এবং পরিচ্ছন্ন জ্বালানিতে বৈশ্বিক রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাবে।