চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অবৈধভাবে সার পাচারের সময় এক বিসিআইসি ডিলারসহ ২ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ নভেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী ও বিসিআইসি ডিলার মো. গোলাম শাহনেওয়াজ (৪৫) এবং নসিমনচালক মো. মতিনকে (৪৮) ৮০ বস্তা ডিএপি সারসহ হাতেনাতে আটক করা হয়।
পরে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ। শুনানিতে আসামিরা অপরাধ স্বীকার করলে আদালত ডিলার গোলাম শাহনেওয়াজকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড) দেন। নসিমনচালক মতিনকে দেওয়া হয় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
অভিযানে জব্দ করা ৮০ বস্তা ডিএপি সার বাজেয়াপ্ত করে নির্ধারিত মূল্যে বিক্রিপূর্বক প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অপরাধে জড়িত থাকায় ডিলার গোলাম শাহনেওয়াজের বিসিআইসি ডিলারশিপ বাতিলের আইনি ব্যবস্থা নিতে কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। সারের অবৈধ পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।