চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সম্পত্তিগত বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে শাহজাহান পাটোয়ারী (৬০) নামের এক দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাগাদী ইউনিয়নের নিজগাছতলা গ্রামের ইচুলী সড়কের উত্তর পাশে পাটোয়ারী বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহজাহান পাটোয়ারী ওই বাড়ির মৃত বজলুল গণি পাটোয়ারীর ছেলে এবং তিনি একজন সরকারি প্রতিবন্ধী ভাতাভোগী ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে ছোট ভাই শাহ আলম পাটোয়ারীর (৫০) সঙ্গে শাহজাহানের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে প্রায়ই তাঁর ওপর নির্যাতন চালাতেন ছোট ভাই ও তাঁর স্ত্রী। ঘটনার দিন সন্ধ্যায়ও দুজনে মিলে শাহজাহানকে বেধড়ক মারধর করেন এবং একপর্যায়ে তাঁকে বাড়ির পাশের বাঁশের কঞ্চির ঝোপে ফেলে রাখেন। সেখানেই তাঁর মৃত্যু হয়।

খبر পেয়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিব ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. ফেরদৌস হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্ত ও ঘটনার তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।