দ্বিপক্ষীয় সফরে আজ মঙ্গলবার রাতে ঢাকায় আসছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, তিন দিনের সফরে আজ রাত ১১টায় তিনি ঢাকায় পৌঁছাবেন।

সফরসূচি অনুযায়ী, বুধবার (৪ নভেম্বর) সকালে চীনা মন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন। পরবর্তীতে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া একই দিনে তিনি জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দেওয়া প্রাতরাশ সভায় অংশ নেবেন লিউ হাইশিং। পরে তাঁদের মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ঢাকার মাতুয়াইলের একটি চ্যারিটি স্কুলের কার্যক্রম পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর। তিন দিনের এ সফর শেষে বৃহস্পতিবারই তিনি ঢাকা ত্যাগ করবেন।

উল্লেখ্য, লিউ হাইশিংয়ের পিতা লিউ শুচুইং আশির দশকে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৮০ সালের আগস্টে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে তিনি তাঁর পরিচয়পত্র পেশ করেছিলেন।