চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় গভীর রাতে বিভিন্ন নির্জন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সদরঘাট থানা-পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— হাবিবুর রহমান (৩২), আজগর আলী (৩৫), রাজু (২৬), জীবন (২৬), আব্দুস শহিদ (৪৫), রাকিবুল ইসলাম মানিক (২৪), সাজ্জাদ হোসেন ওরফে রাহি (২৬), জীবন (২৮), ইউসুফ (৩০), রাকিব (২০), হাসান (৩৪), রুবেল সাজি (২৯), অলি (২৭), ফাহিম ইসলাম (২৬), শাহজাহান হায়দার (২৭), ফাহিম (২৬), রাসেল (২৬), সাইফুল (২৪), মনির (২৯) ও ইব্রাহিম (২৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত সাহেবপাড়া, কদমতলী ও পুরাতন কাস্টম রেলি কলোনি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে নির্জন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সেখানে অবস্থানের কোনো সন্তোষজনক কারণ দর্শাতে না পারায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অধ্যাদেশ অনুযায়ী তাদের গ্রেপ্তার দেখানো হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ জানান, রাতের বেলায় অপরাধ সংঘটনের আশঙ্কা এড়াতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোসহ জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এজাহারবিহীন অভিযোগ দায়ের করে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।