বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রকাশিত প্রথম গান ‘তু মিল যায়ে’ মুক্তি পাওয়ার পর থেকেই অন্তর্জালে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত ২ নভেম্বর মুক্তির পর গানটির ইউটিউব ভিউ ইতোমধ্যে ৬ কোটি ছাড়িয়েছে। তবে গানটির কিছু অংশের সুরের সঙ্গে প্রখ্যাত বাংলা গান ‘আমি শুনেছি সেদিন তুমি’র মিল পাচ্ছেন অনেক শ্রোতা।
সোমতীর্থ নন্দী নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে গান দুটির শুরুর অংশের মধ্যে মিল রয়েছে বলে উল্লেখ করেন এবং শিল্পী মৌসুমী ভৌমিককে ট্যাগ করেন। বিষয়টি নজর কাড়ার পর এ নিয়ে নিজের ফেসবুকে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন গুণী এই গায়িকা।
মৌসুমী ভৌমিক তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "আমি গানটি আগে শুনিনি, তোমার বলায় এখন শুনলাম। কিন্তু আমার তোমার মতো মনে হয়নি। আমরা ঘুরেফিরে সকলেই একই স্বর ও সুরের পারমিউটেশন-কম্বিনেশন নিয়ে খেলা করি। এই গানে আমার গানের ছায়া—আমার কিন্তু তেমন মনে হয়নি। তাছাড়া, আমি এমন কোনো অমোঘ সৃষ্টি করিনি বা এমন আনকোরা মিউজিক্যাল ফ্রেজ তৈরি করিনি, যা আগে কেউ কখনো করেনি।"
একই স্বরের সমষ্টি পাঁচালীতেও শোনা যায় উল্লেখ করে তিনি বলেন, "'শুনেছি সেদিন' যেমন করে শুরু হয়, বিশ্লেষণ করলে দেখা যাবে সেটি পাঁচালীর মিউজিক্যাল ফ্রেজ। তবে আমার গান সেখানে আটকে থাকে না, সেই বীজ থেকেই তা গাছ হয়ে ওঠে। আমি সচেতনভাবে পাঁচালী ভাবিনি, কিন্তু নিশ্চয়ই আমার শোনার ভাণ্ডারে যা ছিল, তা থেকেই সুরের জন্ম নিয়েছে।"
নিজের গানের ক্ষেত্রেও অন্য শিল্পীদের প্রভাবের কথা উল্লেখ করে মৌসুমী বলেন, "একদিন এক বন্ধু আমায় বলেছিল, তোমার গানে জেসির (জোন বায়েজ) ছায়া রয়েছে। আমি তখন শুনে অবাক হয়ে ভেবেছিলাম, তাই তো! অথচ আমি তো সে কথা ভেবে গান তৈরি করিনি। আসলে আমরা সবাই জেনে বা না জেনে কোনো না কোনো ছায়া বহন করি। তোমার দেখাতে বা শোনাতে কোনো ভুল নেই, কিন্তু তার মানে এই নয় যে এই গানের সঙ্গে আমার গানের সরাসরি কোনো সম্পর্ক আছে।"
তিনি আরও যোগ করেন, "আর যদি সম্পর্ক থাকেই, তাতে বা কী এসে যায়? সত্যি যদি কেউ হুবহু কারো কাছ থেকে কিছু নিয়ে নিজের বলে চালায়, তখন ভাবা উচিত; কিন্তু এভাবে অহেতুক ভেবো না।"
উল্লেখ্য, শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘কিং’ সিনেমার বহুল আলোচিত ‘তু মিল যায়ে’ গানটির কথা লিখেছেন কুমার। সচীন-জিগারের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন এড শিরান, অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।